
গত দু বছর ধরে একই প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বেঁধে পুজো ব্লকবাস্টার উপহার দিয়ে এসেছেন আবির চট্টো পাধ্যায়। চলতি বছর আবার উৎসবের মরশুমে অভিনেতার জোড়া রিলিজ। আবির অভিনীত দুটি সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়ার কথা। প্রথমটি, নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত রক্তবীজ টু।
অন্যদিকে অনীক দত্ত পরিচালিত তথা ফিরদৌসুল হাসান প্রযোজিত যত কাণ্ড কলকাতাতেই। এই অবস্থায় কোন সিনেমার প্রচার করবেন অভিনেতা আবির? এমন কৌতূহল অস্বাভাবিক নয়। কানাঘুষো, সেই বিষয়টি নিয়ে নাকি পরিচালক অনীক এবং ফিরদৌসুলের সঙ্গে মন কষাকষি অভিনেতার।সম্প্রতি এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন যত কাণ্ড কলকাতাতেই সিনেমার পরিচালক এবং প্রযোজক।খবর, প্রযোজনা সংস্থার শর্ত অনুযায়ী, তাঁদের পুজো রিলিজের মুখ আবির চট্টোপাধ্যায় হলে, অভিনেতার অন্য কোনও সিনেমা ওই একই সময়ে মুক্তি পাবে না। কিংবা রিলিজ করলেও আবির সেই ছবির প্রচারে অংশ নিতে পারবেন না। চুক্তিমাফিক বছর দুয়েক ধরেই নন্দিতা-শিবপ্রসাদের পুজো রিলিজের চমক আবির চট্টোপাধ্যায়। সে তেইশের রক্তবীজ হোক কিংবা চব্বিশের,বহুরূপী, বক্স অফিসে সুপারহিট । এবার পঁচিশের পুজো রিলিজ ,রক্তবীজ টু-তেও মারকাটারি অ্যাকশন দেখাবেন পর্দার পঙ্কজ সিংহ ওরফে আবির। এবার তার মাঝেই শোনা গিয়েছে, ২০২৫ সালের পুজোতে মুক্তি পাবে আবির চট্টোপাধ্যায়ের গোয়েন্দা ছবি যত কাণ্ড কলকাতাতেই। আর সেই বিষয়টিকে ঘিরেই দ্বন্দ্ব। প্রযোজক ফিরদৌসুল হাসানের মন্তব্য, অভিনেতা বড় না ছবি, প্রচারের জন্য কি তবে আবিরের কাছে ভিক্ষে চাইবেন? পরিচালক অনীক দত্তর কথায়, শিবু, আবির দুজনকেই স্নেহ করেন। রক্তবীজ টু-এর গান, ট্রেলার দেখেছেন। তাঁদের ছবি আর শিবুদের ছবি সম্পূর্ণ আলাদা। তাহলে কেন নিরাপত্তাহীনতায় ভুগছে? প্রযোজকের আক্ষেপ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার জন্য এতকিছু করছেন যাতে প্রতিটা সিনেমা প্রাইম টাইমে স্লট পায়, সেখানে আবির নিজের সিনেমার প্রচার, প্রদর্শনে থাকবেন না! তারপরও কেন অসহযোগিতা? আবার অনীকের মতে,একজন প্রযোজকের কাছে দু বছর রিলিজের জন্য অপেক্ষা করা ভীষণই সমস্যার।এদিকে প্রযোজক-পরিচালক ক্ষোভ উগড়ে দেওয়ার পর নিজস্ব মতামত ব্যক্ত করেছেন আবির চট্টোপাধ্যায়ও।এপ্রসঙ্গে আবির চট্টোপাধ্যায়ের বক্তব্য,যত কাণ্ড কলকাতাতেই সিনেমাটি নিজের মতো করেই সফল হওয়ার।
আলাদা করে পুজোয় রিলিজ না করলেও হত।এই বছর পুজোয় রক্তবীজ টু মুক্তি পাচ্ছে, সেটা তো সকলের জানা।তাই ওই সময়টিকেই যত কাণ্ড কলকাতাতেই রিলিজের জন্য বেছে নেওয়ার কথা কীভাবে ভাবলেন প্রযোজকেরা, সেটা জানা নেই আবির চট্টোপাধ্যায়ের। তিনি নাকি চলতি বছর জুন মাসে ডাবিংয়ের সময়ও প্রযোজককে জানিয়েছিলেন, পুজোয় রক্তবীজ টু মুক্তি পাচ্ছে। প্রচারে থাকতে পারবেন না।
