অস্বাভাবিকতাই এখন নিউ নর্মাল : রাজনাথ

0
79
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

ইরান বনাম ইসরায়েল-আমেরিকা সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে, তাকে জটিল এবং উদ্বেগজনক বলে মনে করছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কলকাতায় সমুদ্র বিষয়ক সম্মেলন সাগর সংকল্প-এ যোগ দিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বর্তমানে যুদ্ধের এই অস্বাভাবিক পরিস্থিতিই যেন বিশ্বজুড়ে নতুন স্বাভাবিক বা নিউ নর্মালে পরিণত হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রীর মতে, জল-স্থল-আকাশ ছাপিয়ে যুদ্ধের রেশ এখন মহাকাশেও পৌঁছেছে, যা ভারতের মতো উন্নয়নশীল দেশের জন্য বড় চ্যালেঞ্জ।এদিকে আরব দুনিয়ার এই যুদ্ধের আঁচ সরাসরি গিয়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মনে করিয়ে দিয়েছেন, বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ সরবরাহ হয় যে হরমুজ প্রণালী দিয়ে, বর্তমানে তা কার্যত অবরুদ্ধ। খবর মিলছে, ইরান ওই পথে কেবল চিনা জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রীর কথায়,পারস্য উপসাগরীয় এই অঞ্চল বিশ্ব শক্তি নিরাপত্তার ধমনী। এখানে অস্থিরতা মানেই তেল ও গ্যাসের জোগানে টান পড়া, যার সরাসরি প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে।

প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সমুদ্র এখন কেবল বাণিজ্যের পথ নয়, বরং রণকৌশলগত আধিপত্য বিস্তারের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।পুরোনো বিশ্বব্যবস্থা এবং ধারণাগুলি ভেঙে পড়ছে। তাঁর কথায়, আরব দুনিয়ার বর্তমান পরিস্থিতি এর জ্বলন্ত উদাহরণ। সেখানে যা ঘটছে তা বিরল। আগামীর পরিস্থিতি কী হতে চলেছে বা আমাদের প্রতিবেশী দেশগুলিতে এর কী প্রভাব পড়বে, তা নিয়ে এখনই কোনও নিশ্চিত ভবিষ্যদ্বাণী করা কঠিন।