
পাকিস্তানে নিহত হয়েছেন লস্কর-ই-তৈবার জঙ্গি আবু কাতাল। ২৬/১১-র মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আবু কাতাল। তাঁর সঙ্গে মিলে একাধিক হামলা পরিচালনা করেছেন। জম্মু ও কাশ্মীরে বহু সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে ছিলেন এই কাতাল। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলাম জেলায় ছিলেন আবু কাতাল।
গাড়ি করে যাওয়ার সময়ে কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি চালান। কাতালের পাশাপাশি তাঁর গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে। কাতালকে কারা খুন করেছে, তা এখনও স্পষ্ট নয়। হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। পাকিস্তানে একাধিক নাম নিয়ে ঘুরতেন কাতাল।
ফয়সল নাদিম, কাতাল সিন্ধি নামেও তিনি পরিচিত ছিলেন। শনিবার রাতে তাঁর দেহ উদ্ধার করা হয় ঝিলামের ডিনা এলাকা থেকে। তাঁর অন্যতম ঘনিষ্ঠ হাফিজ এখনও লাহোরের কোথাও লুকিয়ে আছেন বলে দাবি।






