
এবার রবিবারেও চলবে এসি লোকাল। শিয়ালদহ-কল্যাণী এবং শিয়ালদহ-কৃষ্ণনগর দুই রুটেই এসি লোকালের পরিষেবা রয়েছে। যাত্রী সংখ্যার সঙ্গে চাহিদা থাকায় রবিবার দুই রুটেই পরীক্ষামূলকভাবে এই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন এসি লোকালের যত যাত্রী হবে বলে ভাবা হয়েছিল, তার থেকে অনেকটাই বেশি যাত্রী হচ্ছে। বিশেষ করে শিয়ালদহ-কল্যাণী-রানাঘাট রুটে এসি লোকাল ১৫০ শতাংশেরও বেশি টিকিট বিক্রি হচ্ছে। অন্যদিকে কৃষ্ণনগর-শিয়ালদহ রুটের এসি লোকালের পরিষেবা ব্যস্ত সময়ের মধ্যে পড়ে না। তা সত্ত্বেও তার টিকিটের চাহিদা ৯০ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার শিয়ালদহ থেকে এসি লোকাল ১১টা ৫৫ মিনিটে ছেড়ে কৃষ্ণনগরে পৌঁছবে ২টো ২০ মিনিটে।
অন্যদিকে কৃষ্ণনগর থেকে দুপুর ৩টে ৫৭ মিনিটে ছেড়ে সন্ধে ৬টা ২০ মিনিটে শিয়ালহ পৌঁছবে ডাউন এসি লোকাল। এদিকে শিয়ালদহ থেকে দুপুর ৩টে ১০ মিনিটে ছেড়ে বিকেল ৪টে ৩২ মিনিটে কল্যাণীতে পৌঁছবে এসি লোকাল। আর কল্যাণী থেকে ৫টা ২ মিনিটের কল্যাণী লোকাল শিয়ালদহে পৌঁছবে সন্ধে ৬টা ২০ মিনিটে।





