
দুর্গাপুরের কাঁকসার কারখানায় ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে শ্রমিকের মাথা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়েছে দুর্গাপুরের কাঁকসা এলাকায়।
আশঙ্কাজনক আরও দুই শ্রমিক। জানা গিয়েছে, মৃত শ্রমিক বছর ২৫-র সায়ন যাদব। রবিবার রাতের শিফটে অন্য়ান্য শ্রমিকদের সঙ্গেই কাজ করছিলেন সায়ন। তখনই কারখানার ভিতর ক্রেন থেকে ম্যাগনেট পড়ে যায়। সেটি গিয়ে পড়ে সায়নের মাথায়। ছিন্নভিন্ন হয়ে যায় শ্রমিকের মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আরও দুই শ্রমিক গুরুতর জখম হন। রাতেই খবর পেয়ে পুলিশ সায়নের দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক এক শ্রমিককে বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এবং অন্যজনকে শোভাপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোটা ঘটনায় কারখানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে মৃতের শ্রমিকের পরিবার। আর্থিক সাহায্যের দাবিতে সরব কারখানার অন্যান্য শ্রমিকরা।








