
প্রায় দশ মাস কেটে গেল, তবু প্রশ্নের উত্তর মেলেনি। ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর পর এবার দুর্ঘটনার আসল কারণ জানার দাবিতে সরব হয়েছেন নিহতদের পরিবার। ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডাটা রেকর্ডারের তথ্য প্রকাশের আবেদন জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন তাঁরা।
উল্লেখ্য,২০২৫ সালের ১২ জুন,আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের পরই বোয়িং ৭৮৭-৮ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 171 নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেডিক্যাল কলেজ হস্টেলে ভেঙে পড়ে। মুহূর্তে আগুন ধরে যায় বিমানে। মৃত্যু হয় ২৪১ জন যাত্রী ও ক্রু সদস্যের। মাটিতেও প্রাণ হারান ১৯ জন। অলৌকিকভাবে বেঁচে যান মাত্র একজন।
শনিবার প্রায় ৩০টি শোকাহত পরিবার আমদাবাদে জড়ো হয়ে সত্যি জানার দাবি তোলেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি চিঠির কপি পাঠানো হয়েছে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে।চিঠিতে পরিবারের সদস্যদের বক্তব্য,দুর্ঘটনার আসল কারণ জানতে চান। কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, সেটাও স্পষ্ট হোক।তাঁদের দাবি, তথ্য প্রকাশ্যে না আনলেও অন্তত ব্যক্তিগতভাবে পরিবারের হাতে তুলে দেওয়া হোক।









