
পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনের সামনে দুর্ঘটনা। বেপরোয়া একটি এসইউভি পুলিশের টহলরত ভ্যানে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মী।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে কয়েক হাত দূরে ব্যারিকেড করা ছিল। যে হেতু এটি ভিভিআইপি এলাকা, তাই নিরাপত্তার কড়াকড়ি থাকে। কিন্তু তার পরেও কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছিল একটি পিসিআর ভ্যান। আচমকাই একটি কালো রঙের এসইউভি বেপরোয়া গতিতে এসে ব্যারিকেড ভেঙে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। গাড়িতে তখন কয়েক জন পুলিশকর্মী ছিলেন। গাড়ির বাইরেও কয়েক দাঁড়িয়ে ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মী। দু’টি গাড়িরই সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
