ডোমকলে এএসআইকে মেরে বন্দি ছিনতাই, গ্রেফতার প্রাক্তন প্রধান সহ ৪

0
215
ছবি সৌজন্যে : নিজস্ব
গোয়ালপোখরের পর এবার ডোমকলে পুলিশ হেফাজত থেকে বন্দি ছিনতাইয়ের ঘটনা ফের প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা।
জানা গিয়েছে চুরির অভিযোগে গ্রেফতার অভিযুক্তকে নিয়ে ডোমকলের আলিনগরে তথ্যপ্রমাণ সংগ্রহে গেলে পুলিশকে মেরে ছিনিয়ে নেওয়া হয়। এএসআই রানাপ্রতাপ সেনগুপ্তর আঙুলে হাঁসুয়া দিয়ে কোপ মারা হয়। আসামি পালিয়ে গেলেও এই ঘটনায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে চুরির অভিযোগে গ্রেফতার রাণা শেখ নামে এক বন্দিকে নিয়ে তাঁর বাড়িতে থাকা চুরির সামগ্রী উদ্ধার করতে নিয়ে যায় পুলিশ। অভিযোগ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে হামলা চালানো হয়। এরপরেই অভিযুক্ত রানা শেখকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
বাধা দিতে গেলে এএসআই রানাপ্রতাপ সেনগুপ্তর-র হাতে কোপ মারা হয়। তাঁর আঙুলে একাধিক সেলাই পড়েছে। তবে গন্ডগোলের মধ্যে পালিয়ে যায় অভিযুক্ত রানা শেখ।
তবে হামলার ঘটনায় প্রাক্তন তৃণমূল প্রধান মিনা বিবি, তাঁর ছেলে সুরজ শেখ সহ আরও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্ত রানা শেখের সঙ্গে পালিয়ে গিয়েছে প্রাক্তন প্রধানে স্বামী।