
স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় মহিলাকে পোস্টে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মালদার ইংরেজবাজারের সাতঘড়িয়া গ্রামের বাসিন্দা ওই যুবতীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে ৯ বছর আগে আতিবুর রহমানের সঙ্গে বিয়ে হয় কাসমিরা খুতনের। অভিযোগ বিয়ের পর থেকেই কাসমিরার ওপর অত্যাচার চালাত পরিবারের লোকজন। এরমধ্যে সপ্তাহখানেক আগে কাসমিরাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় আতিবুর। পরে কাসমিরা জানতে পারে আতিবুর দ্বিতীয় বিয়ে করেছে।
স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে শ্বশুরবাড়িতে গিয়ে প্রতিবাদ করতেই কাসমিরাকে পোস্টে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে।








