সক্রিয় নিম্নচাপ, বৃষ্টি কলকাতায়, ভারী বৃষ্টির সম্ভাবনা

0
174
ছবি সৌজন্যে : নিজস্ব
সোমবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলাই রয়েছে। পাশাপাশি চলছে মাঝারি থেকে ঝিরিঝিরি বৃষ্টি।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টি। ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার ভোরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা। ফলে বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেও। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণের জেলাগুলিতে।
মঙ্গলবার এবং বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।