
বলিউড সুপারস্টার সালমান খান গত কয়েক বছরে একাধিকবার লরেন্স বিশ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি পেয়েছেন। এমনকি তার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট-এর দিকে গুলিও ছোড়া হয়েছিল। সালমান খানের বাবা সেলিম খানকেও প্রাতঃভ্রমণে বের হলে হুমকির মুখে পড়তে হয়।
এরপরই খান পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়।এবার একই কায়দায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লা হুমকি পেয়েছেন। অভিনেতার দাবি, হুমকিদাতা নিজেই জানিয়েছে যে সে লরেন্স বিশ্ণোই গ্যাংয়ের সদস্য। সালমানের বাড়ি মতোই অভিনবের বাড়িতেও গুলি চালানো হবে। এমনই হুমকি পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিষয়টি জানান অভিনেতা।জানা গেছে ,অঙ্কুশ গুপ্ত নামে এক ব্যক্তি ইনস্টাগ্রামে ব্যক্তিগত বার্তায় অভিনবকে হুমকি দেন।সেই বার্তায় লেখা ছিল, আমি লরেন্স বিশ্ণোইয়ের লোক। তোর বাড়ির ঠিকানা আমার জানা আছে। আসব নাকি? সালমান খানের বাড়িতে যেমন গুলি করেছিলাম, তোর বাড়িতেও একে-৪৭ দিয়ে তেমনই গুলি চালাব।হুমকি বার্তায় একাধিক অশালীন শব্দ ব্যবহার করা হয়। হুমকিদাতা জানান, তিনি অভিনবের প্রতিদিনের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল এবং প্রয়োজনে তার নিরাপত্তারক্ষীদেরও গুলি করে হত্যা করবেন।হুমকির স্ক্রিনশট শেয়ার করে অভিনব লিখেছেন, তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে, এই ব্যক্তি চণ্ডীগড় বা মোহালির বাসিন্দা। যারা তাকে চিনতে পারছেন, দ্রুত পদক্ষেপ নিন।এখানেই শেষ নয়। অভিনবের স্ত্রী রুবিনা দিলাইকও একই ধরনের হুমকি পেয়েছেন। তবে সেই হুমকিদাতা নিজেকে বিগ বস খ্যাত আসিম রিয়াজের ফ্যান বলে দাবি করেছেন।
কিছুদিন আগেই ব্যাটলগ্রাউন্ড নামক একটি রিয়্যালিটি শো-তে আসিমের সঙ্গে বিতণ্ডায় জড়ান রুবিনা। সেখানে রূঢ় আচরণের কারণে অনুষ্ঠান থেকে বাদ পড়তে হয় আসিমকে। ঘটনার পরপরই অভিনব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েছেন।








