
প্রতারণার মামলায় প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে সমন পাঠিয়েছে দিল্লির আদালত। অভিযোগ, দিল্লির রেস্তোরাঁ গরম গরম ধাবা’য় বিনিয়োগের নাম করে প্রতারণা করেছেন অভিনেতা।
দিল্লিরই এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করেছে আদালত। ধর্মেন্দ্রর পাশাপাশি আরও দু’জনকে ওই সমন পাঠানো হয়েছে সূত্রের খবর। সমনটি জারি করেছেন পটীয়ালা হাউস আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যশদীপ চহাল। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ওই মামলার শুনানি শুরু হবে। জানা গিয়েছে, কয়েক বছর আগে অভিনেতা ধর্মেন্দ্র ওরফে ধরম সিং দেওল-সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন দিল্লির ব্যবসায়ী সুশীল কুমার। তাঁর দাবি, গরম গরম ধাবা নামে এক রেস্তোরাঁর ব্যবসায় বিনিয়োগের নাম করে তাঁর সঙ্গে প্রতারণা করেছেন অভিনেতা। ২০১৮ সালের এপ্রিল মাসে উত্তরপ্রদেশে ৯ ও ২৪ নম্বর জাতীয় সড়কের উপর গরম গরম ধাবা’র একটি শাখা খোলার জন্য বিনিয়োগের প্রস্তাব নিয়ে ওই ব্যবসায়ীর কাছে গিয়েছিলেন দুই ব্যক্তি। সেই মতো প্রায় ৬৩ লাখ টাকা বিনিয়োগ করে বসেন সুশীল কুমার। রেস্তোরাঁর জন্য ওই বছরই সেপ্টেম্বর মাসে না কি একটি জমিও কেনা হয়। কিন্তু ওই ব্যবসায়ী সেই জমি কখনওই দেখেননি।
এমনকি, বিনিয়োগের পরে অভিযুক্তেরা কেউ তাঁর সঙ্গে আর দেখাও করেননি। এরপরেই আদালতের দ্বারস্থ হন সুশীল কুমার।








