
নিখুঁত অভিনয় এবং চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার জন্য বলিউডে বরাবরই প্রশংসিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মনোজ বাজপেয়ী।
এবার তার আগামী ছবি গভর্নর-এ রিজার্ভ ব্যাংকের এমন এক গভর্নরের চরিত্রে তিনি অভিনয় করছেন, যার শিকড় তামিল সংস্কৃতিতে। এই বিশেষ চরিত্রের ভাষা, বাচনভঙ্গি এবং উচ্চারণ নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তাকে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে, সেই অভিজ্ঞতার কথাই সম্প্রতি শেয়ার করে নিয়েছেন এই অভিনেতা। মুম্বাইয়ে ছবির প্রচার অনুষ্ঠানে মনোজ জানিয়েছেন, যেকোনো চরিত্রের ভাষা ও উচ্চারণের বিষয়ে তিনি অত্যন্ত সতর্ক থাকেন এবং চরিত্রের গভীরতা বজায় রাখতে যতটা সম্ভব পরিমিত উচ্চারণশৈলী ব্যবহার করার চেষ্টা করেন।তামিল ব্যাকগ্রাউন্ডের একজন শীর্ষ কর্মকর্তার হিন্দি উচ্চারণ কেমন হওয়া উচিত, তা নিয়ে নিজের নার্ভাসনেসের কথা স্বীকার করে মনোজ বাজপেয়ী বলেছেন, চরিত্রের ভাষা ও উচ্চারণ নিয়ে কাজ করার সময় বেশ ভয়ে ছিলেন। তাঁর মতো অভিনেতারা ভাষা নিয়ে কোনো ভুল করা একেবারেই পছন্দ করেন না। মনোজ বাজপেয়ী নিজে বিহারের মানুষ, তাই হিন্দি ভাষা ভুলভাবে বললে কতটা খারাপ লাগে তা জানেন। যেহেতু ছবিটি মূলত হিন্দিতে তৈরি, তাই সব সময়ই চেয়েছেন চরিত্রের মুখের ভাষার আঞ্চলিক টান যেন খুব স্বাভাবিক ও পরিমিত থাকে। অতিরিক্ত উচ্চারণের বাড়াবাড়ি অনেকসময় মূল গল্প থেকে দর্শকের মনোযোগ ঘুরিয়ে দেয়। সেই কারণে খুব মেপে মেপে কাজ করেছেন, যাতে শুধু মুখের বুলি নয়, বরং ভাষার ভেতরের সংস্কৃতিটা ফুটে ওঠে।উল্লেখ্য, গভর্নর ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে, যা ১৯৯০-এর দশকের ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটকে সামনে নিয়ে আসবে। ছবির টিজারে ইতিমধ্যে মনোজ বাজপেয়ীকে এক দৃঢ়চেতা আরবিআই গভর্নরের ভূমিকায় দেখা গেছে।
চলচ্চিত্র মহল সূত্রে খবর, ছবিটি মূলত এস ভেঙ্কটরামননের জীবন থেকে অনুপ্রাণিত, যিনি ১৯৯১ সালের তীব্র অর্থনৈতিক সংকটের সময়ে র রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দেশের অর্থনীতিকে সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন।
