
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাজতে চলেছে সানাই। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বাহুবলী, প্রভাস।
মাস দুয়েক আগে সিনেবাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালনের একটা পোস্টেই জল্পনার পালে হাওয়া লেগেছে। বছর দুয়েক ধরেই যদিও শোনা যাচ্ছে যে, প্রভাস বিয়ে করতে চলেছেন। সেই জল্পনা উপভোগ করলেও এতোদিনেও বিয়ের দিনক্ষণে সিলমোহর বসাননি দক্ষিণী তারকা। তবে এবার সম্ভবত পরিবারের দেখা পাত্রীর সঙ্গেই চার হাত এক হতে চলেছে।খবর, হবু কনের সঙ্গে লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার কোনও সম্পর্ক নেই।নায়িকাদের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন যতই শোনা যাক না কেন, শেষমেশ গুরুজনদের দেখা পাত্রীর গলাতেই মালা দিতে চলেছেন নেতা-অভিনেতা কৃষ্ণম রাজুর বংশধর প্রভাস।তিনি নাকি হায়দরাবাদের এক ধনী ব্যবসায়ী পরিবারের মেয়ে। জানা যাচ্ছে, একেবারে নীরবেই বিয়ের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে প্রভাসের পরিবার। যেন কাকপক্ষীতে টের না পায়। প্রভাসের কাকা কৃষ্ণম রাজুর স্ত্রী শ্যামলা দেবী নিজেই নাকি বিয়ের সব আয়োজন সারছেন। এর মধ্যে জানুয়ারি মাসেই দক্ষিণী সিনেবাণিজ্য বিশ্লেষক এক্স হ্যান্ডেলে প্রভাসের নাম লিখে পাশে ব্রাইড ইমোজি পোস্ট করেছিলেন। কোন শব্দ খরচ করেননি। আর মনোবালা বিজয়বালনের সেই পোস্ট থেকেই জল্পনার সূত্রপাত হয়। এবার কানাঘুষো জানা যাচ্ছে ,পাত্রীর পরিচয়। স্বভাবতই ফ্যান ফলোয়ারদের উত্তেজনা আর বাঁধ মানছে না। ফলে শুভেচ্ছার জোয়ার সোশাল মিডিয়ায়।এর আগে শোনা গিয়েছিল,বহুদিন থেকেই নাকি প্রভাস দক্ষিণী সুন্দরী তথা জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে নাকি প্রেম করছেন। তবে প্রকাশ্যে এসব নিয়ে আলোচনা করতে চাননি অনুষ্কা বা প্রভাসের কেউই। এবার শোনা যাচ্ছে, সেই সম্পর্কে ইতি টেনেছেন দু’পক্ষই। আবার জোর খবর,চলতি বছরেই বিয়ে করছেন প্রভাস।
তবে অনেকে আবার সন্দেহ প্রকাশ করে প্রশ্ন করেছেন, এবার নিশ্চিত তো? জল্পনা তুঙ্গে উঠতেই মুখ খুলল দক্ষিণী সুপারস্টারের টিম। সাফ জানিয়ে দিয়েছে, ভুয়ো খবর।
