
হাসপাতালে চিত্রাঙ্গদা সিংহ, দীপাবলির আনন্দের আবহে অভিনেত্রীকে নিয়ে উদ্বিগ্ন তাঁর ফ্যান ফলোয়াররা। হাসপাতাল থেকে নিজের ছবি শেয়ার করে নিয়েছেন তিনি।
জানিয়েছেন, খুব শীঘ্রই আবার চেনা ছন্দে ফেরার আশা করছেন তিনি।চিত্রাঙ্গদার শেয়ার করে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে তিনি।হাতে ড্রিপ লাগানো তাঁর।সেই ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, খুব শীঘ্রই খরগোশের মতো দৌড়োব, এমন আশাই করছি। তবে ঠিক কী কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তা প্রকাশ করেননি বলিউডের লাস্যময়ী অভিনেত্রী। এদিকে,সম্প্রতি চিত্রাঙ্গদা ব্যস্ত ছিলেন সলমন খানের ব্যাটল অফ গলওয়ান নিয়ে। এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে।ছবিতে বিভিন্ন লড়াইয়ের দৃশ্য রয়েছে।এমনকি, লাদাখের এমন কিছু জায়গায় ছবির শুটিং হয়েছে যেগুলি খুবই দুর্গম।সেইসব জায়গার তাপমাত্রাও খুব নীচের দিকে থাকে। তাই অনুরাগীদের প্রশ্ন, এই ছবির শুটিং করতে গিয়েই কি অসুখ বাধিয়েছেন চিত্রাঙ্গদা?সেই উত্তর অবশ্য মেলেনি। অন্যদিকে,চিত্রাঙ্গদার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি,হাউসফুল ৫। এই ছবিতে চিত্রাঙ্গদাকে দেখা গিয়েছিল অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সোনম বাজওয়া, নার্গিস ফকরি, নানা পটেকর, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্ডেজ়, ফরদিন খান, শ্রেয়স তলপাড়ে, দিনো মোরিয়া ও সঞ্জয় দত্তের সঙ্গে। ছবিতে একাধিক তারকার সমাবেশ হলেও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি।
বরং ছবির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে।ছবিতে নাকি মহিলাদেরকে পণ্যের মতো দেখানো হয়েছে, এমন অভিযোগও উঠেছিল।
