
অভিনেত্রী শিল্পা শিন্ডে টেলিভিশন অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। প্রায় এক দশক আগে,ভাবিজি ঘর পার হ্যায় ধারাবাহিকের প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগ নিয়ে সাম্প্রতিক এক পডকাস্টে দেওয়া তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা।
বিষয়টি নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী পূজা বেদি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা শিন্ডে বলেছেন, ২০১৬ সালে তিনি যে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন, সেটি করার পেছনে তাঁর আর কোনো উপায় ছিল না। পরে বিষয়টি সমঝোতার মাধ্যমে মিটে যায়। তবে তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ও বিনোদন অঙ্গনে নানা প্রশ্ন উঠতে শুরু করে। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পূজা বেদি বলেছেন, যেসব মহিলা প্রতিশোধ, ব্যক্তিগত লাভ, প্রচার কিংবা অন্য কোনো উদ্দেশ্যে ভুক্তভোগীদের সুরক্ষার জন্য তৈরি আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন, তাঁরা মূলত সেই আইনের উদ্দেশ্যকেই ক্ষতিগ্রস্ত করেন। বক্তব্যে পূজা বলেছেন, মিথ্যা অভিযোগ শুধু নির্দোষ মানুষের জীবন ধ্বংস করে না, প্রকৃত ভুক্তভোগীদের কথাও মানুষের কাছে কম বিশ্বাসযোগ্য করে তোলে। আইনের এমন অপব্যবহার গ্রহণযোগ্য নয়। এর জন্য কঠোর জবাবদিহি ও পরিণতি থাকা উচিত। তাঁর মতে, এ ধরনের ঘটনা দীর্ঘ মেয়াদে সমাজের জন্যও ক্ষতিকর। কারণ, প্রকৃত নির্যাতনের শিকার ব্যক্তিরা তখন সামনে এসে অভিযোগ করতে দ্বিধায় ভোগেন। অনেকেই আশঙ্কা করেন, তাঁদের কথাও হয়তো সন্দেহের চোখে দেখা হবে।
পূজা বেদি আরও বলেছেন, ভুক্তভোগীদের সুরক্ষার জন্য যে আইনি কাঠামো তৈরি করা হয়েছে, তার প্রতি মানুষের আস্থা ধরে রাখা জরুরি। মিথ্যা অভিযোগের ঘটনা সামনে এলে সেই আস্থাই দুর্বল হয়ে পড়ে। বিতর্কের সূত্রপাত শিল্পা শিন্ডের সাম্প্রতিক এক পডকাস্ট সাক্ষাৎকার থেকে। সেখানে তিনি বলেছেন, মামলাটি শেষ হয়ে গেছে। অনেকেই বিষয়টি জানেন না। কিন্তু সত্য কথা বলতে ভয় নেই। তিনি প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছিলেন, কারণ তখন তাঁর সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। পরে বিষয়টি সমঝোতার মাধ্যমে মিটে যায় এবং অভিনেত্রী শিল্পা শিন্ডে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন।
