
অভিনেত্রী নয়না গাঙ্গুলিকে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে টলিউডের কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার সকালে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় টুবানকে।
এরপর আলিপুর কোর্টে নিয়ে তাকে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। এদিকে,তিন বছর ধরে কাজ থেকে দূরে অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়।টলিউড, বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করার পরও সরে এসেছিলেন সবকিছু থেকে। দু’ দিন আগে নাম উল্লেখ না করে সোশ্যাল মিডিয়ায় নয়না জানিয়েছিলেন প্রাক্তন প্রেমিকের শারীরিক ও মানসিক অত্যাচারের বিরুদ্ধে এবার সরব হবেন তিনি। শুধু তাই নয়, কেন তিন বছর ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন সেই কারণও সবাইকে জানাবেন।এরপর অভিনেত্রীর অভিযোগ দায়েরের পর পুলিশ তার প্রেমিক কোরিওগ্রাফার টুবান চক্রবর্তীকে গ্রেপ্তার করে।অভিযোগ, নয়না গাঙ্গুলিকে কাজ না করতে দেওয়ার পাশাপাশি বাড়িতে এসে দিনের পর দিন নির্যাতন করেছেন টুবান।
অভিযোগ,নয়নার পাশাপাশি একাধিক মহিলার সঙ্গেও সম্পর্ক রেখেছিলেন টুবান।লিভ টুগেদারে থাকা এই সম্পর্ক থেকে অনেকবার বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন নয়না, সেই সময় নাকি তাকে নানা ভাবে ভয় দেখানো হত। এরপরই আইনের দ্বারস্থ হন অভিনেত্রী নয়না গাঙ্গুলি।
