
আদানিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেনি আমেরিকা। এমনটাই জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক।
শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, মার্কিন প্রশাসন আদানিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে কোনওরকম তথ্য দেয়নি ভারতকে। এটা একটা বেসরকারি সংস্থা এবং এক ব্যক্তিবিশেষ ও আমেরিকার বিচারবিভাগের বিষয়। এই ধরনের ঘটনায় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে এগোনো হয়। ভারতের বিশ্বাস সেই নিয়ম মেনেই এই বিষয়ে আগামী দিনে পদক্ষেপ করা হবে। এই নিয়ে আমেরিকার কোনও পদক্ষেপের কথা এখনও ভারত সরকারকে জানানো হয়নি।গত সপ্তাহে গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর আদানি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনে আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ন্যায়বিচার দফতর। ওই অভিযোগে বলা হয়, প্রায় ২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত আদায় করেছিল আদানিরা।
ওই প্রকল্প থেকে ২০ বছর ধরে প্রায় ১৬ হাজার ৯০০ কোটি টাকা মুনাফা করার পরিকল্পনা ছিল শিল্পগোষ্ঠীর।
ছবি সৌজন্যে : এক্স
