
বিদ্যুৎ-র জন্য বকেয়া মেটাতে হস্তক্ষেপ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।
সূত্রের খবর, কয়েকদিন আগেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি গ্রুপ। কিন্তু বাংলাদেশের কাছে তাদের প্রায় ৮০ কোটি ডলার বকেয়া রয়েছে।তাই ড. মহম্মদ ইউনুসের হস্তক্ষেপ চেয়ে গৌতম আদানি চিঠিতে লিখেছেন, তাঁরা বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছেন। কিন্তু এবার ঋণদাতারা তাদের প্রতি কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে তাঁরা ৮০ কোটি ডলার পান। সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছেন।বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতি তিনি প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছেন। ফলে এখনই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা নিয়ে কোনও পদক্ষেপ করছে না আদানি গ্ৰুপ।উল্লেখ্য, বাংলাদেশে বিদ্যুৎ বিক্রির জন্য ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে আদানি পাওয়ার।









