
খাবারের থালা বানানোর কারখানার আড়ালে সুড়ঙ্গে রমরমিয়ে তৈরি হচ্ছিল বন্দুক। বিহারের তারাপুরে মাটির তলার চেম্বারে এমনই এক অস্ত্র কারখানার হদিস পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তিরা হলেন ওই কারখানার মালিক মহম্মদ মোনাজির হুসেন এবং তাঁর শ্যালক মহম্মদ নাসিম। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৬টি ৭ এমএম পিস্তলের যন্ত্রাংশ, ৬টি পিস্তলের বাট এবং ১টি লেদ মেশিন। এ ছাড়াও ড্রিলিং মেশিন-সহ অস্ত্র তৈরিতে কাজে লাগে এমন নানা যন্ত্রাংশ এবং কাঁচামালও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বিহারের তারাপুরে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সঙ্গে ছিল স্থানীয় পুলিশ এবং বিহার পুলিশের এসটিএফ-এর যৌথ দল। তল্লাশি অভিযান চালিয়ে একটি খাবারের থালা বানানোর কারখানার নীচে মাটির তলায় গোপন কুঠুরির সন্ধান পেয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘরেই দীর্ঘ দিন ধরে গোপনে আগ্নেয়াস্ত্র তৈরি হত। ওই বেআইনি অস্ত্র কারখানার সঙ্গে আরও কেউ জড়িত কি না জানতে ধৃতদের জেরা করা হচ্ছে।
