
রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন সেনাবাহিনীর হাতে আটকে পড়া ভারতীয়কে দেশে ফেরাতে উদ্যোগ দিল্লী হাইকোর্টের। কেন্দ্রকে এমনটাই নির্দেশ দিয়েছে আদালত।
২২ বছর বয়সি সাহিল মহম্মদ হুসেন মাজোতি উচ্চশিক্ষার জন্য গত বছরের জানুয়ারিতে স্টুডেন্ট ভিসা নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আইটিএমও বিশ্ববিদ্যালয় থেকে রুশ ভাষা এবং সংস্কৃতি পড়তে গিয়েছিলেন। গত বছরের এপ্রিলে তাঁকে গ্রেফতার করে স্থানীয় রুশ পুলিশ। পরে জানা যায়, ইউক্রেনের সেনার হাতে বন্দি হয়েছেন ওই ভারতীয় তরুণ। তার পরিবারের দাবি একটি কুরিয়ার সংস্থায় পার্ট টাইম কাজ করতেন তিনি। এমতাবস্থায় ছেলেকে দ্রুত দেশে ফেরানোর দাবিতে প্রশাসনের দ্বারস্থ হন সাহিলের মা হাসিনাবেন। সেই মামলায় গত সোমবার বিচারপতি বলেন, নিশ্চয়ই তাঁকে (সাহিলকে) রাশিয়ার সেনাবাহিনীতে জোর করে যোগ দেওয়ানো হয়েছে।
আপনারা তাঁকে ফিরিয়ে আনার জন্য যা যা করণীয়, করুন। এ বিষয়ে দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে । সাহিল যাতে ইউক্রেনে পর্যাপ্ত আইনি সুবিধা পায়, তা নিশ্চিত করার জন্য একজন লিয়াজো অফিসার নিযুক্ত করারও নির্দেশ দেন তিনি। আগামী চার সপ্তাহের মধ্যে মামলার অগ্রগতি সম্বন্ধীয় স্টেটাস রিপোর্ট আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে।
