
জয়ললিতার দল এডিএমকে-র সমর্থন নিয়ে সরকার চালালে সমর্থন প্রত্যাহার করা হবে,এই মর্মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকে দলের প্রধান সি জোসেফ বিজয়কে হুঁশিয়ারি দিয়েছে সিপিএম।
উল্লেখ্য তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসাবে উঠে এলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি টিভিকে। কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে এবং আইইউএমএল-এর সমর্থনে সরকার গড়েছেন বিজয়।এই অবস্থায় নিজেদের অবস্থান স্পষ্ট করে সিপিএম জানিয়েছে, তারা তামিলনাড়ুতে নতুন করে কোনও নির্বাচন চায়নি। সেই কারণেই তারা বিজয়ের দলকে সমর্থন জানায়। তাদের কথায়, তামিলনাড়ু নতুন নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তা ছাড়া রাষ্ট্রপতি শাসন জারি করে বিজেপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসুক সেটা কাম্য নয়। সেই কারণেই টিভিকে-র নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করেছে সি পি এম।সিপিএমের তরফে এ-ও জানানো হয়েছে যে, বিজয়ের সরকার যদি জনাদেশ অমান্য করে ডিএমকে কিংবা এডিএমকে-র মতো দলের সাহায্যে সরকার চালানোর চেষ্টা করেন, তবে তারা সমর্থন প্রত্যাহার করবেন।এদিকে ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ১০৮টিতে জয়ী হয়েছে বিজয়ের দল। তামিলনাড়ুর সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা ১১৮। সিপিএমের দুই, সিপিআইয়ের দুই, কংগ্রেসের পাঁচ, ভিসিকে-র দুই এবং আইইউএমএল-এর দুই বিধায়কের সমর্থনে সরকার গড়েছেন বিজয়।
প্রসঙ্গত, গত ১৩ মে তামিলনাড়ুর রাজনৈতিক মহলের একাংশকে খানিক বিস্মিত করেই বিজয়ের সরকারকে সমর্থন জানান এডিএমকে-র ২৪ জন বিধায়ক। অথচ দলের প্রধান ই পলানিস্বামী রীতিমতো হুইপ জারি করে দলের বিধায়কদের ভোটদানে বিরত থাকার বার্তা দিয়েছিলেন।





