
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী, সুরকার ও পিয়ানোবাদক আদনান সামি ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে উৎসর্গ করে চার গানের একটি বিশেষ মিউজিক্যাল প্রজেক্ট প্রকাশ করেছেন।
তার দীর্ঘ কর্মজীবনের বিশাল সংগীতভান্ডারে এই নতুন প্রজেক্টটি একটি সম্পূর্ণ ব্যতিক্রমী সংযোজন। নতুন এই কাজের মূল থিম বা বিষয়বস্তু হিসেবে নেতৃত্ব, সহনশীলতা এবং স্মৃতিকাতরতাকে ফুটিয়ে তোলা হয়েছে, যা প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে সংগীতপ্রেমী ও রাজনৈতিক মহলে বেশ নজর কেড়েছে। বিশ্বখ্যাত কোনো দক্ষিণ এশীয় সংগীতশিল্পীর কণ্ঠে আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন বহু-সংগীতের ট্রিবিউট প্রজেক্ট বা উৎসর্গীকৃত কাজ সচরাচর দেখা যায় না বললেই চলে। এদিকে তিন দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে আদনান সামি মূলত ভারতীয় শাস্ত্রীয় সংগীত, পপ এবং অর্কেস্ট্রাল মেলোডি বা বাদ্যযন্ত্রের চমৎকার মিশ্রণ ঘটিয়ে এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের শ্রোতাদের মুগ্ধ করেছেন।
দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যজুড়ে সমানভাবে জনপ্রিয় এই তারকাকে তার অসাধারণ শিল্পচর্চার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে ভারতের অন্যতম সম্মানজনক অসামরিক পদক পদ্মশ্রী-তে ভূষিত করা হয়। কর্মজীবনে অসংখ্য পুরস্কারে ভূষিত এই সুরকার এর আগে, কাভি তো নজর মিলাও এবং তেরা চেহারা-র মতো কালজয়ী অ্যালবামের মাধ্যমে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। দক্ষিণ এশিয়ার কোনো প্রথম সারির তারকার পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের এমন এক প্রভাবশালী ব্যক্তিত্বকে উৎসর্গ করে গান প্রকাশের ঘটনাটি বর্তমান ভূ-রাজনীতি ও সাংস্কৃতিক মেলবন্ধনের নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
