
যত সময় যাচ্ছে, হামলা এবং পাল্টা হামলার বহর ততই বাড়ছে। পাকিস্তান এবং আফগানিস্তান দু’দেশই মোক্ষম জবাব দিয়েছে বলে দাবি করছে। বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় পাকিস্তান।
এ বার আফগানিস্তান দাবি করল, তারা ইসলামাবাদের ফৈজ়াবাদে পাক প্রধানমন্ত্রীর দফতরের ছয় কিলোমিটার দূরে সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে।আফগান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজ়াহিদ হুঁশিয়ারি দিয়েছেন,পাকিস্তান বার বার যুদ্ধের রাস্তায় যাচ্ছে। তারা যদি এই কাজ লাগাতার করতে থাকে, আফগানিস্তানেরও অধিকার আছে তাদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করার। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বাজুর শহরেও আত্মঘাতী ড্রোন এবং মর্টার হামলা হয়েছে। সেই হামলায় বহু মানুষ আহত হয়েছেন। আফগানিস্তানের এক মুখপাত্র এক্স হ্যান্ডলে দাবি করেছেন, পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের দফতরের ছ’কিলোমিটার দূরে আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
সেখানে একটি সেনাঘাঁটিতে হামলা চালানো হয়। আফগান সেনার তরফেও দাবি করা হয়েছে, ফৈজ়াবাদ, নওশেরা, জামরুদ মিলিটারি কলোনি এবং অ্যাবটাবাদে বিমান হামলা করা হয়েছে। প্রসঙ্গত, আফগানিস্তানে রাতভর গজ়ব লিল-হক অভিযান চালায় পাকিস্তান বায়ুসেনা। কাবুল, কন্দহর, পকতিয়ায় মুহুর্মুহু বোমাবর্ষণে ১৩০ তালিবান যোদ্ধার মৃত্যু হয়েছে বলে দাবি পাকিস্তানের।









