
আফগানিস্তানের জালালাবাদে আক্রান্ত ভারতীয় কনস্যুলেটের স্থানীয় এক কর্মী। মঙ্গলবার ওই আফগান নাগরিকের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি।
এই হামলার ফলে তিনি সামান্য চোট পেয়েছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, প্রায় সাড়ে তিন বছর আগে জালালাবাদের এই কনস্যুলেটে কাজকর্ম বন্ধ করে দিয়েছে ভারত। তবে সেখানে স্থানীয় কিছু আফগান কর্মী এখনও কাজ করেন। এদিনের হামলা নিয়ে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে নয়াদিল্লি। এবিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। সূত্রের খবর, আক্রান্ত কর্মীর নাম ওয়াদুদ খান। তিনি ভারতীয় কনস্যুলেটে ট্রান্সলেটরের কাজ করতেন। তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ওয়াদুদ ভারতে চলে এসেছিলেন।
কিন্তু কয়েকমাস আগে ফিরে ফের কাজে যোগ দেন। মঙ্গলবার রাত পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।








