
ভয়াবহ পথ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে আগুন ধরে গেল একটি বাসে।
অন্তত ৭১ জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। তাঁদের মধ্যে ১৭টি শিশুও ছিল। ইরান থেকে বিতাড়িত আফগানদের একটি দল ওই বাসে কাবুলে যাচ্ছিলেন। আচমকাই ঘটে গেল এমন দুর্ঘটনা। পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ঘটেছে এই দুর্ঘটনা। সেখানকার পুলিশের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলেই দাবি। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কীভাবে বাসটিতে দাউদাউ আগুন ধরে গিয়েছিল। হেরাত প্রদেশের প্রশাসনের মুখপাত্র মহম্মদ ইউসুফ জাইদি জানাচ্ছেন, বাসে থাকা সমস্ত যাত্রীই পরিযায়ী। তাঁরা ইরান থেকে সীমান্ত পেরিয়ে কাবুলে যাচ্ছিলেন।
ইসলাম কালা থেকে তাঁরা বাসে উঠেছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে গেল দুর্ঘটনা।








