‘২৩-র পর মণিপুরের ইম্ফলে মোদী, চূড়াচাঁদপুরেও

0
79
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
২০২৩-র পর প্রথমবার রাষ্ট্রপতিশাসিত মণিপুরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর-পূর্বের এই রাজ্য গত ২৮ মাস ধরে কুকি ও মেইতেই হিংসায় বিধ্বস্ত রয়েছে। তারপর থেকে এই প্রথম মণিপুরের মাটিতে পা রেখেছেন নরেন্দ্র মোদী। শনিবার দুপুর ১২টা নাগাদ বিমানে মিজোরামের আইজল থেকে ইম্ফলে পৌঁছন নরেন্দ্র মোদী। সেখান থেকে হেলিকপ্টারে চূড়াচাঁদপুরে যাওয়ার কথা ছিল তাঁর।
কিন্তু প্রবল বৃষ্টির কারণে পরিকল্পনা বদল করা হয়েছে। সড়কপথেই কুকি অধ্যুষিত জেলা সদর চূড়াচাঁদপুরে গিয়েছেন প্রধানমন্ত্রী। মণিপুর সফরে মেইতেই অধ্যুষিত ইম্ফল এবং কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর-দুই জায়গাতেই গিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথমেই তিনি চূড়াচাঁদপুরে গিয়েছেন। সংঘর্ষ-পর্বে ঘরছাড়াদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। সেখান গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। ৩ মে, ২০২৩ থেকে মণিপুরে হিংসার ঘটনা ঘটেছে বার বার।
মেইতেই এবং কুকি জনজাতির সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেকে। গত দু’বছরে মণিপুরে গোষ্ঠী হিংসায় ২৬০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৫৭ হাজারের জন বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের থাকার জন্য ২৮০টিরও বেশি ত্রাণশিবির তৈরি করেছে মণিপুর সরকার। তেমনই কয়েকটি ত্রাণশিবির ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।