
৪ বছর তৃণমূলে কাটিয়ে ফের কংগ্রেসে প্রত্যাবর্তন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের। বুধবার রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধানভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তাঁর হাতে কংগ্রেসের পতাকা তুলে দিয়েছেন।
পুরনো দলে ফিরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস ছাড়া কোনও বিকল্প নেই। এখনও দেশের প্রত্যেক গ্রামে অন্তত এক থেকে দুটো কংগ্রেসি পরিবার রয়েছে তার দায়িত্ব থাকবে কংগ্রেসের প্রতি তাঁদের আস্থা ফিরিয়ে আনা। জানা গিয়েছে কিছুদিন আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে কংগ্রেসে ফেরার ইচ্ছেপ্রকাশ করেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। বাবা প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্র জঙ্গিপুর থেকে উপনির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। ২০১৪-য় ফের জঙ্গিপুর থেকে সাংসদ হয়েছিলেন। এরপর ২০১৯-এ তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।
এরপর ২০২১-র ৫ জুলাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায়। কিন্তু তাঁকে লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনে প্রার্থীই করা হয়নি। তাঁকে তৃণমূলেও সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি।






