
৪৬ বছর পর খুলেছে জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। রবিবার শুভ তিথি মেনে ঠিক দুপুর ১টা বেজে ২৮ মিনিটে পবিত্র মুহূর্তে খোলা হয়েছে রত্ন ভাণ্ডারের দরজা।
যে ভাণ্ডারে ৮০০ বছরের পুরনো মন্দিরের বিবিধ রতন জমা আছে বলে বিশ্বাস। সেই ভান্ডার দীর্ঘ আলোচনা এবং বিতর্ক পেরিয়ে খোলা হল ভারতের পুরাতত্ত্ব বিভাগের পরামর্শে। রত্নভাণ্ডারের দরজা খোলার পরে তার ভিতরে প্রবেশ করেছেন ১১ সদস্যের একটি দল। এরমধ্যে রয়েছেন রত্ন ভান্ডার নিয়ে গঠিত বিশেষ কমিটির সভাপতি বিচারপতি বিশ্বনাথ রথ এবং কমিটির সদস্য সিবিকে মোহান্তি। এছাড়াও সাপেদের এড়াতে মন্দিরের ভিতরে এবং বাইরে উপস্থিত রয়েছেন স্নেক হেল্পলাইনের দু’টি বিশেষজ্ঞ দল। তবে মন্দির সূত্রে খবর, এদিন রত্নভাণ্ডারের ভিতর থেকে কোনও সম্পদ বাইরে আনার কাজ হবে না। শুধুই রত্নভাণ্ডারের ভিতরের অংশটি ঘুরে দেখবে ১১ সদস্যের দলটি।যদিও এই ভাণ্ডার কী কী রত্ন রয়েছে, তা এখনই জানা যাবে না। আপাতত ভাণ্ডারের অন্দরের সংস্কারের কাজ শুরু হবে। তার আগে সেখান থেকে সমস্ত মণিমাণিক্য সরিয়ে নিয়ে যাওয়া হবে। এর জন্য মোট ৬টি বড় সিন্দুক আনা হয়েছে। সেগুলিতে রাখা থাকবে রত্ন। তারপর ধীরে ধীরে পরিমাপ করা হবে সোনাদানার পরিমাণ।রত্ন ভাণ্ডার খোলার খবর সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তিনি বলেছেন, জয় জগন্নাথ। প্রভুর আশীর্বাদে ৪৬ বছর পর খুলেছে রত্ন ভাণ্ডার। এটি অত্যন্ত শুভ উদ্যোগ। আশা করবেন এই উদ্যোগে সফল হবে।
