
বিস্ফোরণে বাড়ির চাল উড়ে পড়ল তালগাছের মাথায়। বীরভূমের সিউড়ির কুখুডিহি গ্রামে বুধবার মাঝরাতে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তায় বেরিয়ে পড়েন মানুষজন।
জানা যায় ওই গ্রামের বাসিন্দা গোলাম মোর্তাজার বাড়িতে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের জেরে মাটির বাড়ির টিনের চালা উড়ে তালগাছের মাথায় গিয়ে পড়ে। ঝলসে যায় বেশ কিছু গাছ। পুলিশের অনুমান পরিত্যক্ত মাটির বাড়িতে বোমা মজুত করা ছিল। গোলাম মোর্তাজা সাঁইথিয়ার বালিঘাটে কাজ করেন। এছাড়া ট্রাক্টর ও টোটোও রয়েছে। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেখানে কেউ থাকতেন না। তবে পাশেই বাড়িতে থাকেন মোর্তাজা এবং তাঁর আত্মীয়রা। ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়েছেন গোলাম মোতাজা।
রাতেই বিশাল পুলিশবাহিনী গিয়ে ২ জনকে আটক করে। ঠিক কি কারণে বোমাগুলো মজুত করা হয়েছিল খতিয়ে দেখছে পুলিশ।
