
আর জি কর-কাণ্ডের ৮৭ দিনের মাথায় সোমবার চার্জ গঠন হবে শিয়ালদা কোর্টে। তা সম্পন্ন হলেই শুরু হবে বিচারপ্রক্রিয়া। গত মাসে প্রথম চার্জশিট জমা দিয়েছিল সিবিআই।
মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম উল্লেখ করা হয়েছিল চার্জশিটে। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের নামও রয়েছে। ৯ অগাস্ট আর জি করের জরুরি বিভাগের চারতলায় সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সেই রাতেই কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাক থেকে গ্রেফতার হন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার।
কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। কলকাতা হাই কোর্টের নির্দেশে পরে আরজি কর-কাণ্ডের তদন্তভার পায় সিবিআই। আর জি করের ঘটনা প্রকাশ্যে আসার ৫৮ দিন পর গত ৭ অক্টোবর সিবিআই চার্জশিট জমা দিয়েছিল।
ছবি সৌজন্যে : নিজস্ব








