
৯ বছর পর এশিয়ার ধনীতম পুরসভা বৃহন্মুম্বই পুরনিগমে নির্বাচন চলছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। মুম্বই ছাড়াও বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে আরও ২৮টি পুরসভায়।
সব মিলিয়ে ৮৯৩ টি ওয়ার্ডের জন্য ২ হাজার ৮৬৯ টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। মোট ভোটার ৩.৪৮ কোটি। সব মিলিয়ে ২৯টি পুরনিগমে ভাগ্য নির্ধারণ হবে ১৫ হাজার ৯৩১ জন প্রার্থীর। তবে এই নির্বাচনে মূল ফোকাসে অবশ্যই বৃহন্মুম্বই পুরনিগম।
দেশের তো বটেই গোটা এশিয়ার ধনীতম স্বশাসিত সংস্থা বিএমসি। এর বার্ষিক বাজেট প্রায় ৭৫ হাজার কোটি টাকা। এবারে বিএমসিতে মূল লড়াই বিজেপি-শিব সেনা জোটের সঙ্গে ঠাকরেদের। প্রায় দু’দশক বাদে বিএমসি নির্বাচনের জন্যই নিজেদের মধ্যেকার দূরত্ব ঘুচিয়ে একজোট হয়েছেন উদ্ধব ও রাজ ঠাকরে। অন্যদিকে একসময় মুম্বইজুড়ে দাপট দেখানো কংগ্রেস এখন তৃতীয় শক্তি।
