
জানুয়ারি মাসেই প্লেব্যাকের দুনিয়া থেকে বাণপ্রস্থ ঘোষণা করে আসমুদ্র হিমাচলের অগণিত ফ্যান ফলোয়ারের হৃদয়ভঙ্গ করেছিলেন অরিজিৎ সিং। এবার আচমকাই অবসর গ্রহণের আভাস দিয়ে সেলেব পাড়ায় শোরগোল ফেলেছেন প্রীতম।
একাধিকবার সুর অনুকরণে’র অভিযোগ উঠলেও সুরকার হিসেবে বিগত আড়াই দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে একাধিক ব্লকবাস্টার গান উপহার দিয়েছেন তিনি, কিন্তু এবার জন্মদিনের রাত পোহাতেই প্রীতমের কণ্ঠে বিদায়বেলার সুর। ১৪ জুন, রবিবার ছিল প্রীতমের জন্মদিন। ৫৫-তে পা দিলেন শিল্পী। স্বাভাবিকভাবেই দিনভর বন্ধু, সহকর্মী থেকে অনুরাগীমহলের শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন প্রীতম। তবে রাত বাড়তেই সোশাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে সকলের উদ্বেগ বাড়িয়ে দিয়েছেন তিনি। প্রীতম জানিয়েছেন, এতদিনকার ব্যস্ত শিডিউলের ভিড়ে এবার নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চান তিনি। যাতে জীবনটাকে একেবারে অন্যভাবে উপভোগ করা যায়। কাজের ব্যস্ততার জন্য যেসব বিষয় এতদিন হাতছাড়া হয়েছে, সেগুলিকেই এবার আঁকড়ে ধরতে চান। প্রীতমের মন্তব্য, নিজেকে কয়েক বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার থেকে জীবনটাকে একেবারে অন্যভাবে বাঁচবেন। যেসব বিষয় এতদিন মিস করেছেন, সেগুলির স্বাদ নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত।
এখন নতুন সফরে পা রাখার সময় এসেছে, যে কাজগুলিকে এতদিন অপেক্ষা করিয়ে রেখেছিলেন, সেটাই করবেন। এরপরই অরিজিৎ সিং স্টাইলে সুরকার প্রীতমের সংযোজন,বাণিজ্যিক কাজের অভিজ্ঞতা তাঁর দারুণ। তবে বরাবরই অজানা-অচেনা পথের প্রতি তাঁর কৌতূহল বেশি। সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য সবসময়ে ধন্যবাদ। প্রীতমের এহেন পোস্টেই স্পষ্ট যে এবার থেকে বলিপাড়ার প্রযোজক-পরিচালকদের চাহিদামাফিক কিংবা তাঁদের অঙ্গুলিহেলনে নয়, বরং নিজের জন্য গান বাঁধা শুরু করবেন প্রীতম।





