
যে তৃণমূল কার্যালয়ের সামনে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের আইপিএস, এনকাউন্টার স্পেশ্যালিস্ট অজয়পাল শর্মার উদ্দেশে স্লোগান দিয়েছিলেন জাহাঙ্গির খান, পুনর্নির্বাচনের দিন কয়েক আগে যে কার্যালয় খুলে তৃণমূল প্রার্থী বলেছিলেন, ঝুঁকেগা নহি, সোমবার সুদূর নেপাল সীমান্তে তাঁর গ্রেফতারির খবর ফলতায় পৌঁছোতেই সেই কার্যালয়ের শাটার ভেঙে ঢুকে পড়লেন স্থানীয়েরা। কার্যালয়ের ভিতর থেকে উদ্ধার হল প্রচুর মদের বোতল এবং বিভিন্ন কাগজপত্র।
তা ছাড়া আসবাবপত্র ঘেঁটে দেখতে থাকেন বিক্ষোভকারীরা। হাতুড়ি দিয়ে কার্যালয়ের তালা ভাঙেন কয়েক জন। শাটার টেনে ভিতরে ঢুকে একের পর এক দরজা লাথি মেরে ভাঙেন স্থানীয় যুবকেরা। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই একের পর এক ঘরে ঢুকে তল্লাশি শুরু করেন কয়েক জন যুবক। একের পর এক ঘর খুলে নানাবিধ জিনিস টেনে টেনে বার করেন বিক্ষোভকারীরা।
প্লাস্টিকের চেয়ার-টেবিল তুলে রাস্তায় ফেলা হয়েছে। সেই সঙ্গে জাহাঙ্গিরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন যুবক-যুবতীরা, পুরুষ-মহিলারা।
