
দিল্লি হাইকোর্টের পর শুক্রবার দুপুরে বোমাতঙ্কে হঠাৎ বন্ধ হয়ে যায় মুম্বই হাই কোর্টের কাজ। দক্ষিণ মুম্বইয়ে, হাই কোর্টের ঐতিহাসিক ভবন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো হয় ইমেল। একই দিনে দেশের দুই গুরুত্বপূর্ণ হাই কোর্টে বোমাতঙ্কে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আদালতের আধিকারিকরা জানিয়েছেন, দুপুর একটা নাগাদ আদালতের ইমেলে এই বোমা হামলার হুমকি পাঠানো হয়। এরপরেই দ্রুত আদালত চত্বর খালি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বার অ্যাসসিয়েশনকে জানানো হয় সদস্যদের সকলকে সতর্ক করার জন্য। এরপরেই আইনজীবী, আদালতের কর্মী এবং অন্যান্য সকলেই আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যান। অন্যদিকে, শুক্রবার বোমাতঙ্কের খবর ছড়ায় দিল্লিতে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ইমেলের মাধ্যমে হাইকোর্ট চত্বরে বোমা থাকার খবর পাওয়া যায়।
হুমকি বার্তা পাওয়ার পরই হাই কোর্ট চত্বর ফাঁকা করে দেয় দিল্লি পুলিশ। আচমকা একের পর এক শুনানি স্থগিত করে দেওয়া হয়। এভাবে শুনানি স্থগিত হয়ে যাওয়ায় আদালত চত্বরে গুঞ্জন শুরু হয়। কিছুক্ষণ পরই জানা যায়, ইমেলের মাধ্যছে দিল্লি হাই কোর্ট বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এক ব্যক্তি।
