
ভেনেজুয়েলা, ইরানের পর আমেরিকার রোষানলে আরও এক দেশ। তেহরানকে দুরমুশ করার মাঝেই এবার কিউবার উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জানিয়েছেন, আপাতত আমেরিকার লক্ষ্য ইরান যুদ্ধ শেষ করা। তারপর আমেরিকার নজর কিউবার দিকে ঘুরতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্টের এহেন বার্তার পর আরও এক যুদ্ধের সিঁদুরে মেঘ দেখছে কূটনৈতিক মহল।হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তাঁরা প্রথমে এই যুদ্ধ শেষ করতে চান। তারপর কিউবার বিষয়টি সামনে আসতে দেরি হবে না। অল্প সময়ের মধ্যেই সবাই এবং অসংখ্য সাধারণ মানুষ কিউবায় ফিরে যেতে পারবেন। আপাতত ইরান যে আমেরিকার মূল লক্ষ্য সেটা স্পষ্ট করতে ভোলেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ফিদেল কাস্ত্রোর দেশ কিউবা, আমেরিকার সঙ্গে আলোচনা চাইছে।
তাঁর কথায়, কিউবা আমেরিকার সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। একইসঙ্গে অনেক কিউবান-আমেরিকান ফের নিজেদের দ্বীপে ফিরে যাবেন বলে আশাবাদী প্রেসিডেন্ট ট্রাম্প।উল্লেখ্য, আমেরিকার জ্বালানি অবরোধের জেরে বর্তমানে নাজেহাল অবস্থা কমিউনিস্ট দেশ কিউবার। এতদিন কিউবার চাহিদার বেশিরভাগ তেল সরবরাহ করত ভেনেজুয়েলা। তবে নিকোলাস মাদুরকে আমেরিকা গ্রেপ্তার করার পর কিউবার অর্থনীতির বেসামাল দশা।
