
রাতের অন্ধকারে পুঞ্চের কাছে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আসা দুই পাক জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। পুঞ্চের কাসালিয়ান এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে তীব্র গুলির লড়াই চলে জঙ্গিদের।
মৃত দুই জঙ্গির নাম-পরিচয় প্রকাশ না করা হলেও জানা যাচ্ছে তারা লস্কর-ই-তইবার সদস্য ছিল। সেনা সত্রে খবর মঙ্গলবার গভীর রাতে পুঞ্চে জঙ্গল লাগোয়া অঞ্চল দিয়ে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকেছিল ওই জঙ্গিরা। বিএসএফ তাদের উপস্থিতি টের পেয়ে অভিযান চালালেও রাতের অন্ধকার ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে বিএসএফের হাত থেকে বেঁচে যায়। খবর পেয়ে এরপর তাদের নিকেশের দায়িত্ব নেয় সেনা। সেইমতো শুরু হয় নিয়ন্ত্রণরেখা লাগোয়া অঞ্চলে অভিযান। সেনা উপস্থিতি টের পেয়ে পালানোর সুযোগ না পেয়ে বেপরোয়াভাবে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
দীর্ঘক্ষণ দু পক্ষের গুলির লড়াই চলার পর দুই জঙ্গিকেই খতম করা হয়েছে। গত সোমবার অপারেশন মহাদেবের পর ফের উপত্যকায় বিরাট সাফল্য পেল নিরাপত্তাবাহিনী।
