
এখন যা অবস্থা তাতে দুষ্কৃতীদের যেন এখন সহজ নিশানা হয়ে উঠেছেন বলিউড তারকারা। প্রতিনিয়তই প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান খান।সম্প্রতি বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকিকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন অভিনেতা টাইগার শ্রফ।
মাত্র ২ লক্ষ টাকার বিনিময়ে টাইগারকে হত্যার সুপারি দেওয়া হয়েছে বলেই খবর। পুলিশের কাছে ফোন করে এক ব্যক্তি জানিয়েছেন,এক অভিনেতাকে হত্যার সুপারি দেওয়া হয়েছে তাকে। এমন ফোন পেয়ে হতভম্ব মুম্বাই পুলিশও।প্রাথমিক তদন্তে জানা গেছে, ফোনটি এসেছিল পাঞ্জাব থেকে।অভিযুক্তের নাম মনীশ কুমার সুজিন্দর সিং। ২১ এপ্রিল, সোমবার মুম্বাই পুলিশকে ফোন করে ওই ব্যক্তি দাবি করেন, কিছু ব্যক্তি টাইগারকে হত্যার পরিকল্পনা করছে।অভিনেতাকে হত্যা করার জন্য তাকে ২ লক্ষ টাকার একটি অস্ত্র এবং সুপারি দেওয়া হয়েছিল।এই ফোনটি আসার পরই অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়।ইতিমধ্যেই খার থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেপ্তারও করা হয় ওই ব্যক্তিকে।
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার নিমিত গোয়েল বলেছেন, পুলিশ একটি এফআইআর দায়ের করেছে।ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।এই হুমকি সম্পূর্ণ ভুয়ো , জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই ব্যক্তি মনগড়া গল্প শুনিয়েছিলেন পুলিশকে।








