
হানিমুন কোচ-এর ভিডিও ভাইরাল হওয়ার পর এবার নেটপাড়ায় ট্রেনের আরও একটি ভিডিও ঘিরে নতুন করে শোরগোল। শুরু হয়েছে বিতর্ক। চলন্ত ট্রেনের কোচ বুক করে এবার পুজোর আয়োজন!
সোশাল মিডিয়ায় মুহুর্তে ভাইরাল সেই ভিডিও।এক্স মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের কোচের মেঝেয় বসে এক পুরোহিত পুজো করছেন। সামনে রাখা দেবদেবীদের ছবি। পুজোর উপাচার সহযোগে, মন্ত্রোচ্চারণ চলছে। কোচে সাদা পোশাকে রয়েছেন আরও অনেকে। সকলেই পুজোয় অংশ নিয়েছেন বলে দেখা যাচ্ছে। গোটা ধর্মীয়-অনুষ্ঠানটি চলন্ত ট্রেনের কোচেই চলছিল, যা ঘিরে সোশাল মিডিয়াজুড়ে বিতর্কের ঝড়। এদিকে ভিডিওটি প্রকাশ্যে আসতেই ব্যাখ্যাও দিয়েছে রেল। রেল সূত্রে খবর, এই আচার-অনুষ্ঠান কোনও সাধারণ যাত্রীবাহী কোচে নয়, বরং ব্যক্তিগতভাবে বুক করা একটি স্যালন কারে অনুষ্ঠিত হয়েছিল। এক বিবৃতিতে রেলওয়ে জানিয়েছে যে, সংশ্লিষ্ট পক্ষ ৩ লক্ষ ৮ হাজার ৫৮০ টাকা অগ্রিম দিয়ে আই আর সি টি সি-র মাধ্যমে ওই স্যালন কোচ’টি বাণিজ্যিকভাবে বুক করা হয়েছিল।
১০ জুলাই নয়াদিল্লি থেকে মুম্বইগামী পশ্চিম এক্সপ্রেস-এর সঙ্গে কোচটি যুক্ত করার কথা ছিল। রেলওয়ের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী,পরিচালনগত বা কার্যকারিতার বিষয়কে গুরুত্ব দিয়েই ১০ জুলাই স্যালুন কোচটির জন্য উত্তর রেলওয়ের তরফে সংশ্লিষ্ট পক্ষকে অনুমতি দেওয়া হয়। পাশাপাশি রেলের তরফে এও জানানো হয়েছে যে, এ ধরনের অনুষ্ঠানের জন্য একটি সম্পূর্ণ স্যালন কোচ ব্যক্তিগতভাবে বুক করা যায়। এতে অস্বাভাবিকতার কিছু নেই। এর ফলে ওই এক্সপ্রেসের সাধারণ যাত্রীরা কোনওভাবেই অসুবিধার শিকার হননি বলেও দাবি রেল কর্তৃপক্ষের।
