
বাঘের সামনে পড়ে বাইকের গতি বাড়িয়ে ছুট দিয়েছেন বাঁকুড়ার এক বাসিন্দা। এমনই ভয়াবহ ছবি ধরা পড়েছে বাঁকুড়ার বারো মাইলের জঙ্গলে।
জানা গিয়েছে, রবিবার ভোরে বারো মাইল জঙ্গলের রাস্তায় বাঘ দেখেছেন বলে দাবি করেছেন সুতান গ্রামের এক বাসিন্দা। তাঁর দাবি, বাঘের সামনে পড়ে গিয়েছিলেন। ভয়ে বাইক ঘুরিয়ে তিনি রানিবাঁধের দিকে ফিরে যান। গ্রামবাসীরা তা জানার পরে বারো মাইল জঙ্গলের কাছে যান। সেখানে বাঘের পায়ের ছাপ মিলেছে। ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরাও। বন দফতর মনে করছে, বারো মাইলের জঙ্গল থেকে বাঘটি যে কোনও সময়ে ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায় প্রবেশ করতে পারে। মনে করা হচ্ছে, ঝাড়খণ্ড থেকে বাঘিনি জিনত পশ্চিমবঙ্গে ঢোকার পর তার পিছু পিছু ওই বাঘটিও আসে। ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী বারিকুলের বাগডুবির জঙ্গলে ঢোকে বাঘটি। শুক্রবার সকালে বাগডুবি গ্রাম লাগোয়া জঙ্গলের রাস্তায় পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়ায়।
শনিবার সকালে বাগডুবির জঙ্গল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সারেঙ্গা ব্লকের পড়্যাশোলের জঙ্গলেও বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়েরা। তবে এক দিন যেতে না যেতেই ওই বাঘই বাগডুবির জঙ্গল লাগোয়া বারো মাইলের জঙ্গলে ফিরে এসেছে বলে মনে করা হচ্ছে।






