ফের তপ্ত সালার, বাড়ি ভাঙচুর-লুঠপাট

0
388
তৃণমূল কর্মী খুনের ২৫ দিন ফের উত্তপ্ত মুর্শিদাবাদের সালারের মালিহাটি গ্রাম। তৃণমূল কর্মীকে খুনের অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।
শনিবার সকাল থেকে অভিযুক্তদের বাড়িঘর সহ বেশ কিছু মুরগির ফার্ম ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত মহিলারা জানান, খুনের ঘটনার পর থেকেই ঝামেলা অশান্তি চলছিল। রাতের দিকে তাঁদের বাড়িঘর লক্ষ্য় করে ইট ছোড়া হচ্ছিল। লাগাতার হুমকিও চলছিল। শুক্রবার রাতে জনা ৫০ দুষ্কতী একসঙ্গে চড়াও হয়। বাড়িঘরে ভাঙচুর-লুঠপাট চালায়। কিন্তু কোনওভাবেই পুলিশের দ্বারস্থ হতে পারেননি তাঁরা। কারণ পুলিশের কাছে গেলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য রউফ আলির বিরুদ্ধে তাঁদের অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে রউফ দাবি করেন ১৪ অক্টোবর তাঁকেই নিশানা করেছিল নির্দলের দুষ্কৃতীরা। তিনি বরাতজোরে বেঁচে যান। তখন পিটিয়ে মারা হয় তাঁর কাকা আলাই শেখকে। তৃণমূলের অঞ্চল সভাপতি রেজাউল শেখ বলেছেন, যাঁরা আলাই শেখকে খুন করেছে, তারাও দুষ্কৃতী।
আবার এখন যারা ভাঙচুর করছে তারাও দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে গ্রামে টহল দিচ্ছে পুলিশ।
ছবি  সৌজন্যে : নিজস্ব