
এবার এক ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে বাংলাদেশে। ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার পলাশ থানা এলাকায়। নিহতের নাম শরৎমণি চক্রবর্তী।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সোমবার রাতে একদল দুষ্কৃতী চড়াও হয় শরতের উপরে। ছুরি দিয়ে কোপানো হয় তাঁকে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।নরসিংদীর চরসিন্দুর বাজার এলাকায় একটি মুদি দোকান ছিল শরতের। স্থানীয় সময় অনুসারে, সোমবার রাত ৯টা নাগাদ তাঁর উপরে চড়াও হয় একদল দুষ্কৃতী। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। তা নিয়েই চরসিন্দুর বাজার সংলগ্ন এলাকায় শরতের উপরে অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। ছুরির কোপে গুরুতর জখম হন ওই যুবক। পরে স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় শরতের।সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক যুবককে হত্যা করে একদল জনতা। পিটিয়ে হত্যা করে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শরীয়তপুরেও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পরে আগুন ধরিয়ে দেওয়া হয় খোকন দাস নামে আর এক যুবকের গায়ে। তাঁরও মৃত্যু হয়েছে। এর মধ্যে বাংলাদেশের যশোরে এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে এবং গলা কেটে খুনের অভিযোগ উঠেছে। এক বিধবা মহিলাক গণধর্ষণেরও অভিযোগ উঠে এসেছে ঝিনাইদহে। শুধু তা-ই নয়, মহিলাকে গাছে বেঁধে চুল কেটে নির্যাতনেরও অভিযোগ উঠেছে।
