
জাঠদের বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। এমনই অভিযোগ তুলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
প্রতিবেশী রাজ্য হরিয়ানায় গত বছর বিধানসভা ভোটের আগে জাঠ সংরক্ষণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার সেই বিতর্ক শুরু হয়েছে রাজধানী দিল্লিতে।সোমবার অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, কেন্দ্রীয় সরকার জাঠদের ওবিসি তালিকাভুক্ত না করার ফলেই তাঁরা সংরক্ষণের কোনও সুবিধা পাচ্ছেন না। রাজস্থানের জাঠেরা দিল্লি বিশ্ববিদ্যালয় এবং এর কলেজে ভর্তি হতে পারেন, এইমস, সফদরজং হাসপাতাল এবং সমস্ত কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি পেতে পারেন। কিন্তু দিল্লির জাঠেরা নয়। কারণ, তাদের কেন্দ্রীয় ভাবে ওবিসি তালিকাভুক্ত করা হয়নি।
অন্যদিকে, আপের বিরুদ্ধে বিজেপির তোলা বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের মদত দেওয়ায় অভিযোগের জবাব দিয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেছেন, শুধু দিল্লি নয়, সীমান্ত পেরিয়ে বাংলাদেশি এবং রোহিঙ্গারা সারা ভারতে ছড়িয়ে পড়ছেন। বিজেপির মদতেই এমন ঘটছে। কারণ, সীমান্তের সুরক্ষার ভার কেন্দ্রের হাতে।








