
১৭ ঘণ্টা ধরে তল্লাশির পর সিঙ্গাপুরগামী ভেসেলের ক্রু মেম্বারের দেহ উদ্ধার হয়েছে। তবে এখনও নিখোঁজ আহিরিটোলা ঘাটে জেটি থেকে ঝাঁপ দেওয়া যুবক।
বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ বাংলাদেশের চট্টগ্রাম থেকে সিঙ্গাপুরগামী ভেসেলের এক ক্রু মেম্বার ওয়েস্টপোর্ট গঙ্গায় ঝাঁপ দিয়ে তলিয়ে গিয়েছে। জানা গিয়েছে কোটা দুনিয়া নামে একটি কন্টেনার ভেসেল থেকে প্রভাশ্বরা খারিন্দু বন্দারাওয়াটে নামের ওই ক্রু মেম্বার গঙ্গায় ঝাঁপ দিয়েছেন বলে জানা যায়। ঘটনার পরেই খবর দেওয়া হয় পোর্ট ট্রাফিক বিভাগকে। খবর পেয়ে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। রাত থেকে টানা তল্লাশি চলে। ১৭ঘণ্টা পর অবশেষে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। এদিকে শুক্রবার সকালে আহিরিটোলা ঘাটের জেটি থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে তলিয়ে যায় আরেক যুবক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ডাকা হয় উদ্ধারকারী দলকে।
ডুবুরি নামিয়ে যুবকের খোঁজ শুরু করেছে উদ্ধারকারী দল। এদিকে ব্যস্ত সময় তল্লাশির জন্য লঞ্চ বন্ধ করে দেওয়ায় ভোগান্তির মুখে পড়েন অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ।







