
আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মোট ২৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিমানে থাকা ২৪১ জন নিহত হয়েছেন এবং বিমানের বাইরে মৃত্যু হয়েছে ৩৪ জনের।
এমনটাই জানিয়েছে গুজরাট স্বাস্থ্য দফতর। দুর্ঘটনার পরে সরকারি ভাবে জানানো হয়েছিল, মৃতের সংখ্যা বিভিন্ন দেহাংশের ডিএনএ পরীক্ষার পরই নিশ্চিত করা যাবে। গুজরাটের স্বাস্থ্য দফতর জানিয়েছে, সমস্ত মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। এর মধ্যে ২৬০টি দেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে। ছ’টি দেহ শনাক্ত করা গিয়েছে মুখমণ্ডল দেখে। এর মধ্যে ১২০ জন পুরুষ, ১২৪ জন মহিলা, এবং ১৬টি শিশু। ২৫৬টি দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি দেহগুলির ডিএনএ পরীক্ষা এখনও চলছে বলে জানানো হয়েছে।
১২ জুন এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি মাটি ছেড়ে ওঠার কিছু ক্ষণের মধ্যেই আমেদাবাদ মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে। বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে মাত্র একজন যাত্রী অবিশ্বাস্য ভাবে বেঁচে যান।







