
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রেনেসাঁ যুগের বিখ্যাত শিল্পী হ্যান্স হোলবেইনের আঁকা দুটি স্কেচের পরিচয় নিয়ে কয়েকশ বছরের পুরানো রহস্যের জট খুলেছে বলে দাবি গবেষকদের।যার একটিকে বহু বছর ধরে রাজা অষ্টম হেনরির দ্বিতীয় স্ত্রী ও দুর্ভাগা রানী অ্যান বোলিনের প্রতিকৃতি হিসেবে ভাবা হত। অপর স্কেচটিতে থাকা নারীটি কে ছিলেন তা সময়ের গর্ভেই হারিয়ে গিয়েছিল।
এখন এআই প্রযুক্তির সহায়তায় গবেষকরা এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন।গবেষকরা বলছেন, নাম না জানা সেই নারীটিই আসলে হতে পারেন ইতিহাসের সেই বিষাদময় রানী অ্যান বোলিন। আর যে ছবিটিকে এতদিন অ্যান বোলিন বলে মনে করা হত তা সম্ভবত তার মা এলিজাবেথ হাওয়ার্ডের প্রতিকৃতি।এ নতুন আবিষ্কারের ফলে রাজকীয় সংগ্রহে থাকা শিল্পকর্মগুলোর সঠিক পরিচয় ও ইতিহাস নতুন করে মূল্যায়নের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজকীয় সংগ্রহে থাকা এ দুটি কাজ,উইন্ডসর স্কেচ এবং অজ্ঞাত নারী হিসেবে পরিচিত।ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ড এর একদল গবেষক এসব ছবি নিখুঁতভাবে বিশ্লেষণ করে বলেছেন, ১৭০০-এর দশকে স্কেচ দুটির গায়ে ভুল নাম লিখে রাখা হয়েছিল। সেই ভুলের কারণেই দীর্ঘ কয়েক শতাব্দী ধরে এ ভুল ধারণাটি টিকে ছিল।







