স্পিকারের এআই ভিডিও, ৮ কংগ্রেস নেতাকে নোটিশ 

0
111
ছবি সৌজন্যে : এক্স
স্পিকারকে নিয়ে এআই ভিডিও প্রকাশের অভিযোগে লোকসভার বিশেষাধিকার বিভাগ কংগ্রেস মিডিয়া সেলকে একটি নোটিস পাঠিয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগে লোকসভার স্পিকার ওম বিড়লার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরী করা ভিডিও প্রকাশ করেছিল কংগ্রেসের মিডিয়া সেল।
সেই ভিডিওকে কেন্দ্র করে এবার বিপাকে কংগ্রেস। স্পিকারকে নিয়ে এআই ভিডিও প্রকাশের অভিযোগে কংগ্রেসের ৮ জন নেতাকে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তাঁরা জবাব না দেয় তাহলে তাঁরা সংসদ অবমাননা এবং বিশেষাধিকার লঙ্ঘনের মুখোমুখি হবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিজেপি সাংসদ বিষ্ণু দত্ত শর্মার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযোগ, লোকসভার স্পিকারের বিরুদ্ধে অবমাননাকর ব্যঙ্গচিত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছিল। নোটিশে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে , এই চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে তাদের প্রতিক্রিয়া জমা দিতে হবে। এই প্রতিক্রিয়াগুলি লোকসভার স্পিকারের কাছে বিবেচনার জন্য পাঠানো হবে।  যার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।