
রোহিঙ্গা, বাংলাদেশি খুঁজে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, এ আই। এ কোনও বিজ্ঞানীর দাবি নয়, মুম্বই পুরসভা নির্বাচন উপলক্ষে প্রকাশিত ইস্তেহারে এমনই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপির মহাজোট।
তাঁদের দাবি, বহিরাগতদের তাড়িয়ে স্বচ্ছ শহর গড়তে মুম্বইয়ের অস্ত্র হয়ে উঠবে প্রযুক্তি। বৃহন্নুম্বই পুর নির্বাচন উপলক্ষে রবিবার মহাজুটির ইস্তেহার প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। সেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার উপর জোর দিয়ে বলেন, মহাজুটি ক্ষমতায় এলে নাগরিক সমস্যায় আরও বেশি করে জোর দেওয়া হবে সেটাও আবার প্রযুক্তির মাধ্যমে।
একইসঙ্গে নাগরিকদের মোবাইলে পরিষেবা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন জাপানি প্রযুক্তিকে একত্রিত করবে। এই সবকিছুকে ছাপিয়ে যে প্রতিশ্রুতি বিতর্কের কেন্দ্রে এসেছে তা হল বস্তিমুক্ত মুম্বইয়ের প্রতিশ্রুতি। যে শহরে রয়েছে ধারাভির মত এত বড় বস্তি, সেখানে বস্তিমুক্ত মুম্বই গড়ার প্রতিশ্রুতি কিভাবে পূরণ হবে সেই নিয়ে বিস্ময় দেখা দিয়েছে।





