তেজস টালবাহানায় ক্ষুব্ধ বায়ুসেনা প্রধান, সাফাই হ্যালের     

0
122
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সময়মতো তেজস যুদ্ধবিমান সরবরাহ করতে না পারায় আবার রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড-কে নিশানা করেছেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং।
বেঙ্গালুরুর ইয়ালেহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে অ্যারো ইন্ডিয়া ২০২৫-এ যোগ দিতে গিয়ে তিনি বলেছেন, এই মূহূর্তে হ্যালের উপর তাঁদের আস্থা নেই।বেঙ্গালুরুর রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল এখনও ভারতীয় বায়ুসেনাকে পূর্বনির্ধারিত সময়সীমা মেনে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪০টি তেজস যুদ্ধবিমান সরবরাহ করতে না পারায় এই ক্ষোভ উগর দেন এয়ার চিফ মার্শাল সিং। গত মাসে ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণ এবং আত্মনির্ভরতা শীর্ষক এক আলোচনাসভায় তিনি জানিয়েছিলেন, বেশ কয়েক বছর আগে বরাত দেওয়া হলেও এখনও হ্যাল তেজস মার্ক-টু যুদ্ধবিমান দেয়নি বায়ুসেনাকে। ভারতীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের, মাল্টি রোল সুপারসনিক যুদ্ধবিমান তেজস নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। এর ৬৫ শতাংশেরও বেশি যন্ত্রাংশ ও সরঞ্জাম ভারতীয় সংস্থাগুলি তৈরি। চিনের জেএফ-১৭ যুদ্ধবিমানের তুলনায় তেজসের নয়া সংস্করণ প্রযুক্তিগত উৎকর্ষে এগিয়ে বলে একাধিক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক রিপোর্টে জানানো হয়েছে। প্রাথমিক ভাবে হ্যালকে ৪০টি তেজস মার্ক-১ বরাত দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। পরে ৮৩টি তেজস কেনার জন্য হ্যালকে বরাত দেওয়া হয়েছে।
এদিকে, ঢিলেমি নয়, প্রযুক্তিগত সমস্যার কারণেই সময়মতো তেজস যুদ্ধবিমান সরবরাহ করতে পারেনি! এমনই জানাল রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড। তবে বর্তমানে সেই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। শীঘ্রই ভারতীয় বিমান বাহিনীকে তারা তেজস সরবরাহ করবে বলেও আশ্বাস্ত করেছে হ্যাল।