
প্রয়াত রতন টাটার উদ্যোগ অনুসরণ করে একত্রীকরণ হল টাটা গোষ্ঠীর দুই সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারার।একত্রীকরণের পরেও সংস্থার নাম এয়ার ইন্ডিয়া থাকছে।
ভিস্তারার বিমানগুলির নম্বর হবে চার অঙ্কের। তা শুরু হবে ২ দিয়ে। এআই-এর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সংস্থা আপাতত ৯০টিরও বেশি অভ্যন্তরীণ এবং বিদেশি বিমানবন্দরে ৫ হাজার ৬০০-র বেশি সাপ্তাহিক বিমান পরিচালনা করবে। এই কাজে ব্যবহৃত হবে মোট ২০৮টি বিমান। প্রসঙ্গত, সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে জোট বেঁধে ২০১৪-এ টাটারা ভিস্তারা তৈরি করেছিল। ২০২২-এ কেন্দ্রের ডাকা নিলামে কেনে এআইকে। এরপরেই দুই সংস্থাকে মেশানোর প্রক্রিয়া শুরু হয়। এর আওতায় বিভিন্ন বিভাগের সংযুক্তি, সংস্থা দু’টির কর্মীদের বেতন ও কাজের ধরনে সমতা আনার মতো পদক্ষেপ করা হয়েছে। ২০২২ সালের জানুয়ারিতে এআই-এর রাশ হাতে নেওয়ার পর থেকে নিজেদের সমস্ত বিমান সংস্থাকে ঢেলে সাজাতে শুরু করেছিল টাটা গোষ্ঠী।
এ জন্য সস্তার বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে মেশানো হয়েছিল এয়ার এশিয়া ইন্ডিয়াকে। পরের ধাপে এআই-এর সঙ্গে সংযুক্ত হল ভিস্তারা।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া








